ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬: দেশের চলমান বিভিন্ন সংকটকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী শাসনামল ও পরবর্তী সময়ে রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সরকার সমাধানের চেষ্টা করছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—এ কথা সরকার অস্বীকার করছে না। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।
তিনি বলেন, জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবে।
অরাজকতা সৃষ্টির বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, কেউ যদি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে দেশের আইন রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বিএনপির ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় দলটি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতেও জনগণের পাশে থেকে দেশকে সংকট থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।
জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে যাতে দেশের মানুষকে এ ধরনের জ্বালানি সংকটের মধ্যে পড়তে না হয়, সে লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের সময়ে কিছু রাজনৈতিক দল ‘গুপ্ত’ অবস্থান নিয়েছিল। বর্তমানে সেই গোষ্ঠীগুলোর কেউ কেউ বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারা কাকে আড়াল করছে বা কারা কাকে সামনে আনার চেষ্টা করছে—এসব বিষয় জনগণের সামনে তুলে ধরতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ঘোষণা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, রেমিট্যান্স ও তৈরি পোশাক খাতের বিকাশ এবং নারীদের অবৈতনিক শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শনিবারের আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।