Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২২ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।


সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুদিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রার্থিতা ঘোষণার বিষয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী করা হয়েছে।


তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের অধিকার, নাগরিক সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও জনপ্রতিনিধির দায়িত্ব। তাই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সততা, মেধা, যোগ্যতা, দক্ষতা, নৈতিক চরিত্র এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।


এ টি এম আজহারুল ইসলাম ড. নূরুল ইসলাম বাবুলকে সততা ও যোগ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি দলের নেতাকর্মীদের নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও পরিবারের কাছে দলের প্রার্থী এবং তাঁর পরিকল্পনার কথা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।


শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।


এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।


ড. নূরুল ইসলাম বাবুলের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতিও আনুষ্ঠানিকভাবে আরও দৃশ্যমান হলো। দলটির পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com