জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা সাঁতার, দাবা, ভলিবল, ফুটবল, দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়।
বুধবার সকালে জামালগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খায়ের তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দুই দিনজুড়ে জামালগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে উঠবে।
দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে এবং মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।