গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী মুক্তা আহমদ ও শ্রমিকদল নেতা মান্না আহমদের বসতঘরে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধারাবহর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী প্রবাসী মুক্তা আহমদ অভিযোগ করে বলেন, গত ১৭ আগস্ট ভোরে পরিকল্পিতভাবে তাঁর বসতঘরে মামলার আসামি শরিফ উদ্দিনের নেতৃত্বে অন্য আসামিরা আগুন দেন। অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সাত কক্ষবিশিষ্ট বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মুক্তা আহমদ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় তিনি আদালতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন।
মুক্তা আহমদ দ্রুত সময়ের মধ্যে মামলার আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলুর সভাপতিত্বে এবং আমুড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক অপু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ।
এ সময় বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মনসুর আহমদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, ব্যবসায়ী রাজীব আহমদ, রুহুল আমিন, নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। প্রশাসন আসামিদের গ্রেপ্তারে কেন কালক্ষেপণ করছে, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
তারা আরও বলেন, মান্না ও মুক্তার বসতঘরে যারা আগুন ধরিয়েছে, তাদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।