Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জন্মদিনের আনন্দ ভাগ করে নিল চা বাগানের খুদে শিক্ষার্থীরা, পেল উপহার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি:


চা বাগানের ছোট্ট একটি কক্ষের বিদ্যালয়। সারিবদ্ধভাবে কয়েকটি আধভাঙা বেঞ্চে বসে আছে খুদে শিক্ষার্থীরা। সামনে সাজানো জন্মদিনের কেক। পাশে মিষ্টি, চকলেট ও সিঙ্গারা। শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ আর অপেক্ষা—কখন কেক কাটা হবে, কখন মিলবে মিষ্টি-চকলেট, আর কখন নতুন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরবে।


এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের কালিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।


জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি, চকলেট ও সিঙ্গারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ। নতুন ব্যাগ পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, কালিটি চা বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশিদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণদাস অলমিক, সাংবাদিক, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, টিলা ক্লার্ক বলরাম অলমিক, হলিক্রস স্কুলের শিক্ষক দিলীপ দাস, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সজীব দেবনাথ, কালিটি যুবসমাজের দয়াল অলমিক এবং শিক্ষিকা শিল্পী অলমিক, সবিতা অলমিক ও দীপা দাস।


অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে নারী নেত্রী সাদিয়া নোশিন তাসনিম বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রেরণাদায়ক। নিজের জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। এমন আয়োজন সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও বিবেকবোধকে আরও জাগ্রত করে।


উপস্থিত অন্যরাও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই জন্মদিন উদযাপনের প্রকৃত সার্থকতা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com