বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিনা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে পলাশ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, হাজী মজিদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, শক্তিয়ার উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, কাটাখালি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, রতারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং ভাদেরটেক ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।