Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি মিলনের

২৭ আগস্ট ২০২৬ • ১১:১৬ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) টাওয়ার বা ট্র্যাসেল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।


বুধবার (২৭ আগস্ট) বিকেলে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের ঝুঁকিপূর্ণ ট্র্যাসেল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন।


পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি এবং রোপওয়ের ট্র্যাসেলের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।


এ সময় এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ব্যক্তিস্বার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারবেন না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


তিনি প্রশাসনকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদার এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে.বি.এম. ফেরদৌস, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ছাতক থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।


এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উপমহাব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন, উপব্যবস্থাপক (নিরাপত্তা) মনিরুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, ফ্যাক্টরির সিবিএ বি-৮০-এর সেক্রেটারি শফি উদ্দিন, সিসিএফ সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, আনসার পিসি মনু মিয়া এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


স্থানীয়দের অভিযোগ, মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলায় নদীর তলদেশ ও তীরবর্তী এলাকায় পরিবর্তন দেখা দিয়েছে। এতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির রোপওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com