Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে পৈত্রিক ভূমি নিয়ে বিরোধ, হামলা ও পাল্টা মামলার অভিযোগ

২৬ আগস্ট ২০২৬ • ১২:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পৈত্রিক ভূমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, হুমকি এবং হয়রানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে আদালতে চলমান ভূমি-সংক্রান্ত মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ করেছেন শানুর আলী ও তাঁর পরিবার।


অভিযোগকারী শানুর আলী উপজেলার সিঙ্গেরকাছ এলাকার সিংরাওয়ালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।


পরিবারের দাবি, সিঙ্গেরকাছ মৌজার এসএ-১৫৩৯ নম্বর খতিয়ানের এসএ-৪৫৪ নম্বর দাগের ৪৬ শতক পৈত্রিক ভূমি নিয়ে একই গ্রামের টুনু মিয়া গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ ওই ভূমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ করেন শানুর আলী। তাঁদের দাবি, আদালতের পক্ষ থেকে ওই ভূমিতে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় গাছ কেটে ঘর নির্মাণের কাজ করা হয়। এ ঘটনায় মামলা নম্বর ৪৭/২৫ ও বিবিধ মামলা নম্বর ২৬/২৫ আদালতে চলমান রয়েছে বলে জানান তাঁরা।


শানুর আলীর পরিবারের অভিযোগ, ভূমি নিয়ে বিরোধের জেরে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে দুপুরে গরু নিয়ে বাড়ি ফেরার পথে মকবুল আলীর বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


শানুর আলীর দাবি, তাঁর চিৎকার শুনে বোন লাল বিবি এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে তিনি আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে আহত শানুর আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় অভিযোগ করেন বলে জানান।


পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শানুর আলীর স্ত্রী শিফা বেগম বাদী হয়ে গত ২৫ মে ২০২৬ আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৮/২৬। তাঁদের অভিযোগ, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললেও কাউকে গ্রেপ্তার করেনি।


পরবর্তীতে অভিযুক্তরা তাঁদের বাড়িতে এসে ঘর ভাঙচুরের চেষ্টা এবং মামলা প্রত্যাহার না করলে বাড়িতে আগুন দিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেন শানুর আলীর পরিবার। এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।


এদিকে গত ২৭ জুলাই সকালে বাড়ির সামনে শানুর আলীকে একা পেয়ে আবারও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর স্ত্রী শিফা বেগমের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা রক্ষা পান বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ ঘটনায়ও বিশ্বনাথ থানার ওসির কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তাঁরা।


অন্যদিকে, শানুর আলীর পরিবারকে হয়রানি ও চলমান মামলাগুলোকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রতিপক্ষ গত ১ আগস্ট তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেছে বলে অভিযোগ করেছেন শানুর আলী। তাঁর দাবি, ওই মামলায় তাঁদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। কারণ হামলার ঘটনায় তিনি নিজেই গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এবং তাঁর ছেলে প্রতিবন্ধী।


শানুর আলী আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চলছে। এতে পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এ বিষয়ে মামলার তদন্তকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না; যথাসময়ে তাঁদের গ্রেপ্তার করা হবে। তবে অভিযুক্ত পক্ষের একজন আলামীন মুঠোফোনে মামলার কাগজপত্র দিতে অস্বীকৃতি জানিয়ে ফোন কেটে দেন বলে প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয়েছে।


ভুক্তভোগী শানুর আলী ও তাঁর পরিবার পৈত্রিক ভূমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত, হামলা ও হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা এবং চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত টুনু মিয়া গংয়ের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। বর্তমানে অভিযোগগুলোর সত্যতা ও মামলাগুলোর আইনি অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের সিদ্ধান্তের বিষয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com