কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর সহকারী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে নন্দিরাই মহল্লার কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজা ও দাফনের আগে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তজম্মুল আলী গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মরহুম তছদ্দর আলীর ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তজম্মুল আলী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় তিনি বাক ও শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। এরপর জীবনের বাকি সময় তাঁকে বোবা ও শ্রবণশক্তিহীন অবস্থায় কাটাতে হয়।
স্বাধীনতার পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ঢাকার পুরানা পল্টনের একটি বাসস্থানে বসবাস শুরু করেন তজম্মুল আলী। মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধা ওসমান গণি তাঁকে সেখানে বসবাসের সুযোগ করে দেন। এরপর স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ ৫৪ বছর তিনি সেখানেই বসবাস করেন।
জীবনযাপনে অত্যন্ত সরল-সহজ তজম্মুল আলী কখনো কারও কাছে কিছু চাননি বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে। নীরবে জীবন কাটিয়ে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তাঁর মৃত্যু হয়।
গতকাল বুধবার (১৯ আগস্ট) বেলা ২টায় ঢাকার পল্টন জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি কানাইঘাটের নন্দিরাই গ্রামে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান স্বজন, সহযোদ্ধা, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।