Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ন

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে।


সোমবার (১৭ আগস্ট) সিলেট নগরীর মৎস্য ভবনের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের উপপরিচালক সুনীল মণ্ডল।


সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনীল মণ্ডল বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।


তিনি বলেন, মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে মৎস্যচাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে।


বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সুনীল মণ্ডল বলেন, বিভিন্ন জলাশয়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এসব অভয়াশ্রম যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা গেলে দেশীয় ও বিলুপ্তপ্রায় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।


তিনি মৎস্যচাষি ও মৎস্য আহরণকারীদের নিষিদ্ধ জালসহ সব ধরনের অবৈধ উপায়ে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী, মৎস্যচাষি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পার্থ প্রতীম বর্মন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, বিভাগীয় মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ড. আল মিনান নূর ও দ্বিজরাজ বর্মন।


সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মৎস্যচাষি, মৎস্য আহরণকারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় মৎস্যসম্পদের টেকসই উৎপাদন, দেশীয় মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com