জৈন্তাপুর প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগম (২৫)-কে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী গোলাম রফিক ওরফে রশিদের (৫২) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াগাত্তি গ্রামের গোলাম রফিক দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। তবে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের ঝগড়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝগড়ার একপর্যায়ে গোলাম রফিক জেসমিন বেগমের পেট ও মাথায় প্রচণ্ড আঘাত করেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় জেসমিন বেগমকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিহতের স্বামী গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে। এদিকে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত জেসমিন বেগমের শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।