Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:২৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে নিটল-নিলয় কার্টিজ মিলে ৪০ শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:২৪ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি::


সুনামগঞ্জের ছাতকে নিটল-নিলয় কার্টিজ মিলের বাংলা পাল্প ইউনিটে দীর্ঘ ৫-৬ বছর ধরে কর্মরত প্রায় ৪০ জন শ্রমিককে বিনা নোটিশে কারখানায় প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) সকালে নিয়মিত কাজে যোগ দিতে কারখানায় গেলে শ্রমিকদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়।


শ্রমিকদের কয়েকজন জানান, রোববার ২-৩ জন শ্রমিককে জানানো হয়, পরদিন থেকে তাদের আর ডিউটি নেই। এরপর সোমবার সকালে কর্মস্থলে গেলে তাদেরসহ প্রায় ৪০ জন শ্রমিককে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি।


শ্রমিকদের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ইন্দনে কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে এ ধরনের অমানবিক আচরণ করছে। তাদের পরিবর্তে ওই প্রভাবশালী মহলের লোকজনকে কারখানায় নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তারা।


কারখানার শ্রমিক বাগবাড়ি মহল্লার কামাল উদ্দিন, কুমনা মহল্লার কানু দাস, বাবুল দাস, দীপক দাস, রনেন্দ্র দাস, বাঁশখালা মহল্লার তাহের মিয়া ও রাসেল আহমদ, লেবারপাড়ার কফিল উদ্দিন, নোয়ারাই মহল্লার তাপস দাস এবং ভাজনা মহল মহল্লার আব্দুল কাইয়ুমসহ অন্য শ্রমিকরা জানান, তারা দীর্ঘ ৫-৬ বছর ধরে ওই কারখানায় কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই এর চেয়েও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন।


শ্রমিকদের দাবি, কোনো ধরনের নোটিশ দেওয়া বা তাদের সঙ্গে আলোচনা না করেই চাকরি থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের ভাষ্য, এই চাকরিই তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। চাকরি হারালে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে।


তারা আরও বলেন, তাদের কোনো অপরাধ নেই। দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করার পর হঠাৎ করে কোনো নোটিশ বা কারণ না জানিয়ে কর্মস্থলে প্রবেশ করতে না দেওয়া অমানবিক। একসঙ্গে প্রায় ৪০ জন শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলেও দাবি করেন তারা।


এ বিষয়ে নিটল-নিলয় কার্টিজ মিলের ডিজিএম আমিনুল ইসলামের (০১৯১৯০৯৬৪৩১) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


শ্রমিকরা বিষয়টি তদন্ত করে তাদের চাকরিতে পুনর্বহাল এবং এ ধরনের আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com