Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ১২:২৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ১২:২৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে কয়েকজন মাদক কারবারি মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম শহরের শ্রীমঙ্গল রোডস্থ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।


পরে গ্রেপ্তারকৃতদের দেহ এবং ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।


মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।


তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com