দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে শ্রদ্ধা, আবেগ ও গণতান্ত্রিক চেতনার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া যোদ্ধাদের স্মৃতিচারণে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধিত জুলাই যোদ্ধা বজলু মিয়া বলেন, “দেশের মানুষের বাকস্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম। আজ স্বৈরাচারমুক্ত পরিবেশে দাঁড়িয়ে সেই ত্যাগকে সার্থক মনে হচ্ছে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির তালুকদার বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐতিহাসিক জাগরণ। এ আন্দোলনের চেতনা ধারণ করেই বৈষম্যহীন সমাজ গঠনের পথে এগিয়ে যেতে হবে।”
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী বলেন, “দমন-পীড়নের মুখেও ছাত্র-জনতা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ চৌধুরী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির চেয়ে বড় কোনো স্বৈরাচারী শক্তি নেই। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্ব বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সংবর্ধিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।