Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৯:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শিক্ষার্থীদের ভালোবাসায় স্মরণীয় বিদায় পেলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৯:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


দীর্ঘ ১৪ বছরের কর্মজীবনের সফল সমাপ্তি টেনে অবসরে গেলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে সম্মাননা ও বিদায় জানাতে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলা উদ্দিন-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও জয়নাল আবেদীন-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুলহাস।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন (এম.এ), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের জেনারেল ম্যানেজার ও বিদায়ী শিক্ষিকার স্বামী খোন্দকার একরামুল কবির, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এনায়েত হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিনা আক্তার, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল হামিন এবং পরিচালনা কমিটির সদস্য ফারুক আহমেদ।


এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়রা বেগম, বিলকিস বেগম, রোমেনা ইয়াসমিন, রোকশানা বেগম, সুমাইয়া বেগম, ম্যানেজিং কমিটির সদস্য বশির উদ্দিন, স্কুল সহকারী ইলিয়াস আলী সাজু, প্রাক্তন শিক্ষার্থী মাছুম আহমেদ, সাংবাদিক মো. আব্দুল্লাহ, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, হোসনে আরা পারভীন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছেন। একজন দক্ষ, মানবিক ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।


বক্তারা আরও বলেন, একজন শিক্ষক কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা কখনো অবসরে যায় না। হোসনে আরা পারভীনের অবদান বিদ্যালয় এবং স্থানীয় শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী অশ্রুসিক্ত হয়ে পড়েন।


প্রতিক্রিয়ায় হোসনে আরা পারভীন বলেন, “দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন।”


অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তামাবিল মহাসড়ক পর্যন্ত ফুলের পাপড়ি ছিটিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান। পুরো আয়োজনটি ছিল আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর।


উল্লেখ্য, হোসনে আরা পারভীন ২০১২ সালে হরিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। টানা ১৪ বছর সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ৪ আগস্ট ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com