Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৯:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হাদারপাড়ে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৮ জনকে ৪ লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৯:৩৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি :


সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন নদীর ইজারাকৃত বালুমহাল এলাকায় অবৈধভাবে বালুর সঙ্গে পাথর উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে পরিচালিত এ অভিযানে ৮ জনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বালু-পাথর ভর্তি ৩টি স্টিলবডি ডুবিয়ে পাথর আনলোড করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।


প্রশাসন জানায়, অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর বহনকারী ৩টি স্টিলবডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ৮ জন ব্যক্তিকে প্রযোজ্য আইনে মোট ৪,০০,০০০ (চার লাখ) টাকা অর্থদণ্ড করা হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালু-পাথর উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


তবে অভিযানকে ঘিরে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের দাবি, অনিয়মের অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু বালু-পাথর বহনকারী স্টিলবডিগুলো ডুবিয়ে বা ক্ষতিগ্রস্ত করার বিষয়টি তাদের কাছে সমীচীন মনে হয়নি।


এদিকে বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান দাবি করেন, তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে বালুমহালের ইজারা নিয়েছেন। তার ভাষ্য, ইজারা এলাকার একটি অংশে স্বাভাবিকভাবেই নুড়ি পাথর রয়েছে। তারা আলাদাভাবে পাথর উত্তোলন করছেন না; বরং বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই নুড়ি পাথর উঠে আসে।


তিনি বলেন, “প্রশাসন চাইলে তদন্ত করে আইন অনুযায়ী জরিমানা বা অন্য যেকোনো ব্যবস্থা নিতে পারে। কিন্তু ইজারা এলাকার ভেতরে বডিগুলো ডুবিয়ে বা ক্ষতিগ্রস্ত করা সঠিক হয়নি।”


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, “অবৈধভাবে বালুর সঙ্গে পাথর উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।”


প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com