জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন ইউএনও।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজ (১০), রোল নং-১ এবং ৩য় শ্রেণির শিক্ষার্থী মাশবুরা জান্নাত (৯), রোল নং-৪। তারা নূরপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন ও রুমানা বেগমের সন্তান।
জানা যায়, গত ২১ জুলাই চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দরবস্ত-চতুল-কানাইঘাট সড়কে একটি বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সিলেট নগরের দরগাহ গেইটস্থ নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহত দুই শিক্ষার্থীর পক্ষে তাদের মা রুমানা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুদান প্রদানকালে ইউএনও মিজ সুনন্দা রায় আহত দুই শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, “দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমরা পাশে থাকব। একই সঙ্গে সকল চালককে সড়কে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”