Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ০৩:৩২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ০৩:৩২ পূর্বাহ্ন

হাফিজ মাছুম আহমদ দুধরচকী |


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিকলেন জামে মসজিদে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।


রোববার আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর জ্যেষ্ঠ সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।


মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী ব্যক্তিত্ব এবং আল্লামা দুবাগী (রহ.)-এর অসংখ্য মুরিদ, মুহিব্বীন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে এক মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠানে আল্লামা দুবাগী (রহ.)-এর শানে নাশিদ পরিবেশন করেন মাওলানা ফখরুল ইসলাম।


মাহফিলে আল্লামা দুবাগী (রহ.)-এর কর্মময় জীবন, জ্ঞানচর্চা, দ্বীনি খেদমত, সাংগঠনিক দক্ষতা ও আধ্যাত্মিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, আল্লামা শের আহমদ বারকাতি, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মুফতি ইলিয়াস হোসেন, আল্লামা হাবিবুর রহমান চাতকী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, মাওলানা অলিউর রহমান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, আল্লামা সানাউল্লাহ ছেটি, ক্বারী তারিক মাহমুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এমদাদুর রহমান আল-মাদানী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, হাফিজ মাওলানা আব্দুল জলিল, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা মারুফ আহমদ, অ্যাডভোকেট মাওলানা সালেহ আহমদ মনছুরী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি এহসান আহমদ, মাওলানা হুসাম উদ্দিন আল-হুমাইদি, মাওলানা আলী আহমদ, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুস।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, মাওলানা মুসলেহ উদ্দীন, হাফিজ ওয়াহিদ উদ্দীন সিরাজী, মাওলানা মুস্তফা কামাল, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ শানুর আহমদ, ক্বারী গোলাম আজম, ক্বারী হারুন আহমদ, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ হামিদুর রহমান চৌধুরী, নিউক্রস জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ সেলিম রহমান, প্রফেসর মিসবাহ উদ্দীন কামালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ছিলেন প্রবাসে ইসলামী জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি একাধারে প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, সুদক্ষ সংগঠক, সফল শিক্ষক, ইসলামী লেখক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন। বিশেষ করে যুক্তরাজ্যে প্রায় অর্ধশতাব্দী ধরে দ্বীনি শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।


তারা আরও বলেন, আল্লামা দুবাগী (রহ.) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দ্বীনি কার্যক্রমের গুরুত্ব অনুধাবন করেছিলেন। তিনি ইউকে আঞ্জুমানে আল-ইসলাহর প্রতিষ্ঠাতা, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ইউকে উলামা সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব যুক্তরাজ্যে আলেম সমাজকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে আল্লামা দুবাগী (রহ.) শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি কুরআন-সুন্নাহ, ফিকহ, ইতিহাস ও বাস্তবতার সমন্বয়ে গবেষণাধর্মী শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছিলেন। তাঁর হাজারো ছাত্র বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন এবং তাঁর রেখে যাওয়া জ্ঞান, প্রতিষ্ঠান ও আদর্শ আজও মুসলিম সমাজকে পথ দেখাচ্ছে।


তাঁর ওয়াজ ও বয়ান ছিল দলিলসমৃদ্ধ, হৃদয়গ্রাহী ও বাস্তবমুখী। ইসলামী আইন ও সমসাময়িক নানা বিষয়ে তাঁর ফতোয়া সাধারণ মানুষ ও আলেম সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। পাশাপাশি তাঁর রচিত গ্রন্থগুলো গবেষণাভিত্তিক ও সমসাময়িক ইসলামী চিন্তাধারার গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়।


বক্তারা আরও বলেন, আল্লামা দুবাগী (রহ.) ছিলেন বিনয়, তাকওয়া, ইখলাস ও সুন্নাহর অনুসরণের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবন, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


উল্লেখ্য, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ২০২০ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের আলেম, ছাত্র ও অসংখ্য শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেন। তবে তাঁর রেখে যাওয়া জ্ঞান, ছাত্র, প্রতিষ্ঠান, গ্রন্থ ও আদর্শ আজও তাঁকে মানুষের হৃদয়ে জীবন্ত করে রেখেছে।


অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আল্লামা দুবাগী (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com