জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী উপজেলার ১ নং নিজপাট ও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে সরকারি গেজেট জারি করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এস.আর.ও. নং ২৮১-আইন/২০২৬-এর প্রজ্ঞাপনটি ১৪ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এটি ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) তারিখে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নং নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল—এই ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। একই আইনের ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি সরকার তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার, পিএইচডি।
সরকারি এ প্রজ্ঞাপনের মাধ্যমে জৈন্তাপুরে পৌরসভা গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে আপত্তি নিষ্পত্তি ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।