Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১২ জুলাই ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বৈদেশিক কর্মসংস্থানে ধারাবাহিক অগ্রগতি, দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণ জোরদারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১২ জুলাই ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন

ঢাকা, ১২ জুলাই: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সভায় বিএমইটির পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ উইংয়ের বিগত বছরগুলোর সার্বিক কার্যক্রম, অগ্রগতি এবং পরিসংখ্যান উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ লাখ ১৫ হাজার ৩১১ জন এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন।


পরিসংখ্যানে আরও জানানো হয়, ২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪৫ লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এর পরেই রয়েছে ওমান, যেখানে ৯ লাখ ৩৬ হাজার কর্মী গেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮ লাখ ৪৫ হাজার এবং কাতারে ৭ লাখ ১৪ হাজার বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।


সভায় জানানো হয়, ২০২৫ সালে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও)সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে রেকর্ড ১১ লাখ ৩ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪১৯ জন সম্পূর্ণ কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।


বর্তমানে দেশব্যাপী ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এবং ১টি ডিটিটিটিআই-এর মাধ্যমে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


শ্রমবাজারের বৈচিত্র্য আনতে বিএমইটির ভাষা শিক্ষা কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইতালিয়ানসহ মোট ৮টি ভাষায় বিশেষায়িত কোর্স চালু রয়েছে। পাশাপাশি নিরাপদ বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে ড্রাইভিং প্রশিক্ষণে ১৪ হাজার ৪৫৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দক্ষ নারী কর্মী গড়ে তুলতে দেশের ৬টি মহিলা টিটিসিতে আধুনিক ‘কেয়ারগিভিং’ কোর্সও সফলভাবে পরিচালিত হচ্ছে।


পর্যালোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রবিবার (১২ জুলাই ) অনুষ্ঠিত এ সভায় বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com