Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৮:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মিলেছে: নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৮:০১ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল পরিদর্শন শেষে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্স (উত্তর বিভাগ)-এর অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশ। তিনি বলেন, ইজারাকৃত সীমানার বাইরে নদীর পাড় কেটে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় যৌথ টাস্কফোর্স গঠন করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিভিন্ন গণমাধ্যমে যাদুকাটা বালুমহাল-১ ও যাদুকাটা বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নদীতীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হলে শুক্রবার সকালে অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশ ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি যাদুকাটা-১, যাদুকাটা-২সহ নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।


পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ওসি দিলীপ কুমার দাস, ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. রাখাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মো. ফরিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আব্দুল ওয়ারীশ বলেন, সরকারিভাবে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে এবং প্রতিটি মহালের সীমানাও নির্ধারণ করে দেওয়া রয়েছে। কিন্তু একটি মহল মাঝে-মধ্যেই নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিন পরিদর্শনে এসে তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন বলেও জানান।


তিনি বলেন, নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে যাদুকাটা নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীতীরবর্তী মানুষের ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ছে। ইজারাদারদের অবশ্যই নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করতে হবে, এর বাইরে বালু কাটার কোনো সুযোগ নেই।


অতিরিক্ত ডিআইজি আরও জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় নৌ-পুলিশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ওই টাস্কফোর্সের মাধ্যমে সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি বলেন, যাদুকাটা শুধু একটি নদী নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে এসে নদী ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তাই যাদুকাটার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com