জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্ব
সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে চিকিৎসক সংকট, জনবল ঘাটতি, ওষুধের অপ্রতুলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. মো. নাছির উদ্দিন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধের অপ্রতুলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, ওষুধ সরবরাহ বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন ঘটবে।