Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সীমান্ত সচেতনতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করল বিজিবি, গোয়াইনঘাটে ব্যতিক্রমী আয়োজন

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত সচেতনতা ৪৮ বিজিবির কর্মসূচি

২৫ জুন ২০২৬ • ০৪:৩৬ অপরাহ্ন

সীমান্ত আইন মেনে চলা, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সচেতন নাগরিক গঠনের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।


বুধবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়াম ভবনে এ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিজিবির প্রচলিত কার্যক্রমের বাইরে নতুন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক”।


অনুষ্ঠানের অংশ হিসেবে সীমান্তবর্তী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সীমান্ত আইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিবিষয়ক রচনা লিখন, চিত্রাংকন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো— গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।


শিক্ষার্থীরা তাদের রচনা, চিত্রকর্ম ও ভিডিও কনটেন্টে সীমান্তের বিভিন্ন ঘটনা, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধে বিজিবির ভূমিকা এবং সচেতন নাগরিকের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শিক্ষক ও বিচারকমণ্ডলীর মূল্যায়নে রচনা প্রতিযোগিতায় ১৯ জন, চিত্রাংকনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট বিভাগে ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


এছাড়া চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে অংশগ্রহণকারী চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৪০টি ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম। তিনি বলেন, সীমান্তের সুরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভিত্তি। এটি শুধু সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সঙ্গে সম্পৃক্ত।


তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরা সচেতন হবে, তারা শিক্ষিত হয়ে এলাকার প্রতিনিধিত্ব করবে এবং সীমান্ত আইন সম্পর্কে নিজে জানার পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করবে যেন সবাই সীমান্ত আইন মেনে চলে।”


তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত সীমান্ত আইন বিষয়ে বিশদ শিক্ষা দেওয়া হয় না। তাই শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বক্তব্য রাখেন। তারা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে বিজিবি সেক্টর সদর দপ্তর, সিলেটের মেডিকেল অফিসার, সিলেট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সংগ্রাম বিওপি কমান্ডার, অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


জনসচেতনতামূলক কার্যক্রম শেষে দুপুর সাড়ে ১২টায় একই অডিটোরিয়ামে সীমান্তবর্তী হতদরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেজর চৌধুরী ইমরান মাহমুদ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডা. সেজানা খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইনঘাটের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে আনুমানিক ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com