ধলাই নদী ব্রিজ এলাকায় পুলিশের অভিযান: ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও কারবার নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে।