সিলেটে ক্যাডেট এএসআই নিয়োগে পিইটি শেষ, লিখিত পরীক্ষার প্রস্তুতির নির্দেশনা
সিলেট জেলা পুলিশের আয়োজনে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৬-এর শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test - PET) এর তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) শেষ দিনের কার্যক্রম শেষে মাঠ বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরীক্ষার্থীদেরকে লিখিত পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তিন দিনব্যাপী পিইটি পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
তিনি উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ লিখিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা, অধ্যবসায় ও সততার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ধারাবাহিকভাবে সব ধাপ পরিচালনা করা হচ্ছে। সফলভাবে পিইটি শেষ হওয়ায় পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
নিয়োগ কার্যক্রম ঘিরে সার্বিক পরিবেশ ছিল শৃঙ্খলাপূর্ণ ও সুসংগঠিত। কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, যোগ্য ও মেধাবী প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন।