Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে ইয়াবাসহ রকি আটক, পেছনে বড় সিন্ডিকেটের অভিযোগ

জৈন্তাপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ রকি গ্রেপ্তার, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

২২ জুন ২০২৬ • ১১:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রকিব ওরফে রকি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে পরিচালিত এ অভিযানের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জৈন্তাপুর থানাধীন চিকনাগুল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ১০টার দিকে  ঠাকুরের মাটি (কওরমাটি) এলাকার একটি কাঁচা রাস্তার পাশে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা আব্দুর রকিব ওরফে রকিকে আটক করতে সক্ষম হন।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।


এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রকি জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (কওরমাটি) এলাকার মৃত মদরিছ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রকি দীর্ঘদিন ধরে চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কওরমাটি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যার কারণে এলাকার অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।


স্থানীয় সচেতন মহল জানায়, গত বছরও মাদক কারবারের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করেছিল। পরে তার পরিবারের সদস্যরা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না বলে অঙ্গীকার করেন। কিন্তু কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে সে আবারও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।


এলাকার বাসিন্দাদের মতে, মাদকসেবী ও মাদক কারবারিদের তৎপরতার কারণে স্থানীয় যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, রকি একা নয়, তার সঙ্গে আরও একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তাই মাদকের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “ডিবি পুলিশ ইয়াবাসহ রকিকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com