গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা দবির (৪৫), পিতা রফিক উদ্দিন এবং হাছান (২৬), পিতা মৃত লুদাই মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিকালে আটককৃতদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) **** ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”