Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
আন্তর্জাতিক যোগ-ব্যায়াম দিবসে ছাতকে আলোচনা সভা

সুস্থ দেহ, শান্ত মন নিয়ে গড়তে হবে কল্যাণময় বাংলাদেশ’ — এমপি মিলন

২০ জুন ২০২৬ • ০৩:৫১ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি:

ছাতক-দোয়ারাবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেছেন, যোগ-ব্যায়াম সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার একটি বিজ্ঞানসম্মত জীবনধারা। এটি আমাদের শরীরের নমনীয়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনের একাগ্রতা ও প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তিনি বলেন, “যোগ-ব্যায়াম শুধু দেহকে নীরোগ রাখে না, বরং মানুষের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনে। আসুন আমরা নিজেরা যোগ-ব্যায়াম করি এবং অন্যদেরও এর উপকারিতা সম্পর্কে সচেতন করি। সুস্থ দেহ, শান্ত মন—এই অঙ্গীকার নিয়ে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর ও কল্যাণময় সমাজ ও বাংলাদেশ গড়ে তুলতে পারি। যোগ-ব্যায়াম হোক আমাদের প্রতিদিনের সঙ্গী।”


শুক্রবার সন্ধ্যায় ছাতক শহরের রওশন কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক যোগ-ব্যায়াম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভারতীয় হাইকমিশন সিলেটের উদ্যোগে এবং তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।


তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। আমরা যোগ-ব্যায়ামের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করতে চাই। আমাদের এই সম্পর্ক কেবল ভৌগোলিক নৈকট্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি; এটি ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য অংশ।”


তিনি আরও বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগ-ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি কর্মক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট আইএইচটির লেকচারার ডা. রাজিব চক্রবর্তী, লাফার্জ হোলসিমের মহাব্যবস্থাপক (প্রকল্প) শ্রী দেবার্থ পণ্ডিত, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খছরুল আলম এবং সহ-সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম শাহিন।


আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ রঞ্জন তালুকদার এবং সঞ্চালনা করেন চিরঞ্জিত দাস সৃজন।


অনুষ্ঠানে যোগ-ব্যায়াম পরিচালনা করেন কেশব পাল এবং সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ন্তি দাস। এতে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com