Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে সুবিধাভোগী বাড়ানোর আহ্বান সিসিক প্রশাসকের

১৮ জুন ২০২৬ • ০২:০৩ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী, নবজাতক ও নিম্নআয়ের পরিবারের কল্যাণে পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়াতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।


মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের আয়োজনে অনুষ্ঠিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির টার্গেট ইন্ডিকেটর ৭.২ (বি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নাজনীন ফেরদাউস মজুমদারের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার শামছুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছা. নাসিমা খাতুন এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সিলেট ফিল্ড অফিসের প্রধান মো. মামুনুর রশীদ।


সিসিক প্রশাসক বলেন, সরকার মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করছে। মা ও শিশু সহায়তা কর্মসূচি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।


তিনি বলেন, একজন মা নির্দিষ্ট সময় পর্যন্ত এ কর্মসূচির সুবিধা পান, যা পরিবারকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করে। যদিও আর্থিক সহায়তার পরিমাণ সীমিত, তবে এটি উপকারভোগীদের জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিসিক এলাকায় এখনো কাঙ্ক্ষিত সংখ্যক উপকারভোগী নিবন্ধিত হয়নি। কাগজপত্রের ঘাটতি ও সচেতনতার অভাবে অনেকেই বঞ্চিত হচ্ছেন। আগামী ৩০ জুন পর্যন্ত নিবন্ধনের সুযোগ কাজে লাগিয়ে মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করতে হবে, যাতে বেশি সংখ্যক মানুষ এ কর্মসূচির আওতায় আসতে পারেন।


তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সিসিক মহিলা বিষয়ক অধিদপ্তরের পাশে থাকবে।


কর্মশালায় সিসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com