কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে’ — সিসিক প্রশাসক
সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) দক্ষিণ সুরমা সরকারি কলেজে আয়োজিত ‘দক্ষতা, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করবে, আর অন্যদের দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে হবে, যাতে তারা দেশে ও বিদেশে কারিগরি পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সালমা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দা মোমেনা বেগম লিমু ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাফিস সাকিনার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।
সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। সরকারপ্রধান ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের খোঁজখবর রাখেন। তাঁর নেতৃত্বে একটি আধুনিক ও জনমুখী শিক্ষানীতি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ সুরমা সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ সুরমা সিলেটের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। এই কলেজের উন্নয়নে দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ও নতুন একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে বাস্তবায়নে বিশ্বাসী। খুব শিগগিরই এই কলেজের উন্নয়নকাজ শুরু হবে।”
সভায় কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, একাডেমিক কাউন্সিলের সম্পাদক মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ময়নুল হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।