পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে জৈন্তাপুরে সংবাদ সম্মেলন
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ব দরবস্ত এলাকায় পৃথক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর ২টায় জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে পূর্ব দরবস্ত ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব দরবস্ত ইউনিয়ন উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ৪নং দরবস্ত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা দীর্ঘদিন ধরে পৃথক ইউনিয়ন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বর্তমান দরবস্ত ইউনিয়নের আয়তন প্রায় ৭০ থেকে ৮০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় লক্ষাধিক। অধিকাংশ মানুষ কৃষি, দিনমজুরি ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি দাবি করেন, অন্যান্য ইউনিয়নের তুলনায় দরবস্ত ইউনিয়নের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় ইউনিয়নভিত্তিক বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে এলাকার জনগণ কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ বর্গকিলোমিটার আয়তনের একটি নতুন ইউনিয়ন গঠন করা হলে প্রায় ৪০ হাজার মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে।
নুরুল ইসলাম আরও বলেন, পূর্ব দরবস্ত এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক, নাগরিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত। এলাকার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থে পৃথক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
তিনি বলেন, পৃথক ইউনিয়ন বাস্তবায়িত হলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হবে এবং স্থানীয় সরকারের কার্যক্রম আরও জনবান্ধব হবে।
সংবাদ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং পূর্ব দরবস্ত এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। দাবি আদায়ে তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।