Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জুনের শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন—কুনমিং ফোরামে ডেপুটি স্পীকারের ঘোষণা

১৫ জুন ২০২৬ • ০৪:২০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক। 

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে ডেপুটি স্পীকার জানিয়েছেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সরকার গঠনের পর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন। তিনি বলেন, জুন মাসের শেষ দিকে এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হবে।


ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।


তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ ও ১৯৮০ সালে চীন সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা করেন। পরবর্তীতে ১৯৯১ ও ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করে।


ডেপুটি স্পীকার উল্লেখ করেন, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল। তিনি দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC) গঠনে তাঁর উদ্যোগের কথা তুলে ধরে বলেন, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে সার্ককে আরও কার্যকর করা এখন সময়ের দাবি।


তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং বাণিজ্য অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জ কোনো একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে।


ডেপুটি স্পীকারের মতে, ডিজিটাল ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি, আন্তঃসীমান্ত অবকাঠামো, বাণিজ্য করিডোর, ডিজিটাল হাইওয়ে, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং তরুণদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।


ফোরামে আরও বক্তব্য রাখেন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল অ্যাসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্ক মহাসচিব মো. গোলাম সরওয়ার, চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান, আফগানিস্তানের রাষ্ট্রদূত আসাদুল্লাহ বিলাল কারিমি, ভূটানের মন্ত্রী কর্মা দর্জিসহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


এর আগে সংসদীয় দল ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। এবারের এক্সপোতে বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে দেশের ৮৪টি প্যাভিলিয়ন অংশগ্রহণ করছে। মোট ৯০টি দেশ এ মেলায় অংশ নেয়।


পরবর্তীতে সংসদীয় দল চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সঙ্গে বৈঠক করে। বৈঠকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, শিল্পায়ন, ইকোনমিক জোন, পর্যটন, তিস্তা ব্যারেজ নির্মাণ ও চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।


চীনা নেতারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে জানান, তারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বাংলাদেশ সফরের আমন্ত্রণও গ্রহণ করেন।


বাংলাদেশি সংসদীয় দলের সদস্যদের মধ্যে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।

বিজ্ঞাপন channeljaintanews24.com