Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

তরুণদের উদ্ভাবনী চিন্তা বিকাশে ‘স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার দিলেন ডা. জুবাইদা রহমান

১৫ জুন ২০২৬ • ০৪:০৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :

তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জেলা পর্যায়ের সেরা তিনটি দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।


রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।


প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রথম স্থান, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় স্থান এবং হলিক্রস উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকসহ মোট ৫ জন সদস্য ছিলেন। জেলা পর্যায়ের এই চূড়ান্ত পর্বে মোট ১৮৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব আবদুল খালেক, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন,“তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সৃজনশীল চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়, তবে ভবিষ্যতে তারা দেশকে প্রযুক্তি ও জ্ঞানের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।”


তিনি আরও বলেন, “স্টার্টআপ সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প শুধু শিক্ষার মান উন্নয়নই নয়, বরং একটি আত্মনির্ভরশীল জাতি গঠনের ভিত্তি তৈরি করে। সরকার, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ আরও বাড়াতে হবে।”


বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতার বিজয়ী তিনটি দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।


প্রতিযোগিতার এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন channeljaintanews24.com