সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জন গ্রেফতার, উদ্ধার চোলাইমদ ও ভারতীয় পণ্য
নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গত ১২ জুন রাত ১২টা (০০.০০ ঘটিকা) থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৭৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২ জুন ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় ৪৭ জন এবং ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় গ্রেফতার করা হয় আরও ৩২ জনকে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি, চোরাকারবারী এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট ও চকলেট এবং ২২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭০টি যানবাহন আটক করা হয়। সবমিলিয়ে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে মহানগর পুলিশের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।