জৈন্তাপুরে বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের নতুন কমিটি গঠন
জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বাগেরখালস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাগেরখাল ছাত্র ও যুব পরিষদ’-এর ২০২৬-২০২৭ সেশনের কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ জুন) বাদ মাগরিব বাগেরখাল মরির দোকানস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ কাউন্সিল অধিবেশনে সংগঠনের সভাপতি হাফিজ কাওসার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হাসসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কাউন্সিল কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাসুম আল মাহদি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের কল্যাণে কাজ করতে হলে তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলী, মুমিনুল হক ও সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল, সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র ও যুবসমাজই একটি জাতির প্রাণশক্তি। তাদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কাউন্সিল অধিবেশনের একপর্যায়ে সংগঠনের বিগত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন সভার প্রধান অতিথি ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মাসুম আল মাহদি।
ঘোষিত কমিটিতে কাওসার আহমদকে সভাপতি, দিলোয়ার হুসাইনকে সিনিয়র সহ-সভাপতি, ফাহিম হাসসানকে সাধারণ সম্পাদক, দিলদার হুসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন আহমদকে সাংগঠনিক সম্পাদক, আহমদ আব্বাসকে প্রচার সম্পাদক এবং মাহফুজুল হককে অর্থ সম্পাদক মনোনীত করে ৮৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকার ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।