Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় মুফতি আবুল হাসান এমপি, উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি

১৩ জুন ২০২৬ • ০৪:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রধান নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে বলে জানা গেছে। অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীভাঙন প্রতিরোধে কানাইঘাট-জকিগঞ্জের জন্য ১ হাজার ৭৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে। এর মধ্যে কয়েকটি স্পটের কাজ চলমান রয়েছে এবং কয়েকটি প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে।


এ ছাড়া কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কের জন্য ৫২ কোটি টাকার এবং জকিগঞ্জ-শেওলা সড়কের জন্য ৫৩ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে।


কানাইঘাটের দীর্ঘদিনের বন্ধ তেলকূপের বিষয়টি সংসদে উত্থাপন করে জাতীয় পর্যায়ে আলোচনায় নিয়ে এসেছেন মুফতি আবুল হাসান। একইভাবে প্রবাসে মৃত্যুবরণকারী শ্রমিকদের মরদেহ সরকারি খরচে দেশে আনার দাবিও তিনি সংসদে উত্থাপন করেছেন, যা বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।


উন্নয়ন বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও তিনি আদল ও ইনসাফের নীতি অনুসরণ করেছেন বলে দাবি করা হয়েছে। ইতোমধ্যে প্রাপ্ত বরাদ্দ প্রথমে দুই উপজেলা, এরপর ইউনিয়ন এবং পরে ওয়ার্ডভিত্তিক বণ্টন করা হয়েছে, যা অতীতের তুলনায় একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে কানাইঘাট ও জকিগঞ্জ—এই দুই উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি, কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ ইউনিয়নকে উপজেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগের আওতায় আনতে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি সংসদে উত্থাপন করেছেন এবং এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যদিও এটি একটি বৃহৎ বাজেটনির্ভর ও সময়সাপেক্ষ প্রকল্প।


বেকারত্ব নিরসনে দুই উপজেলায় দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া তিনি সংসদীয় ও উন্নয়নমূলক কাজের প্রয়োজন ছাড়া ঢাকায় কিংবা সিলেট শহরে অবস্থান না করে অধিকাংশ সময় নিজ নির্বাচনি এলাকায় ব্যয় করেন বলেও উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে, কানাইঘাট উপজেলার ২নং লক্ষিপ্রসাদ ইউনিয়নের বিশ্বখ্যাত কুকুবাড়ি চর সবজি উৎপাদন এলাকাকে ঘিরে একটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এটি নির্বাচনি প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল না, তবুও প্রকল্পটি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


লিখেছেন: আবুল কালাম আজাদ

বিজ্ঞাপন channeljaintanews24.com