কৈতক হাসপাতালের ভূমি দখলচেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি ভূমি অবৈধভাবে দখলের অপচেষ্টা এবং নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক ‘মিথ্যা চাঁদাবাজি মামলা’ দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সরকারি হাসপাতালের ভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ভূমিখেকো চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত কবির আহমদ ও নজির আলী দীর্ঘদিন ধরে কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি জায়গা অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। তারা আরও অভিযোগ করেন, এ ভূমি দখলের প্রতিবাদ এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ‘মিথ্যা ও সাজানো মামলা’ প্রত্যাহার এবং হাসপাতালের সরকারি ভূমি দখলের অপচেষ্টা বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট মুরব্বি আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সমতা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মো. মোশাররফ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহ জাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী, শিহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।