ছাতকে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক গুরুতর আহত
সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার ধারণ বাজার এলাকায় জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধারণ বাজার এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে একটি পুরাতন বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন।
আহতরা হলেন, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের এলংগি গ্রামের ছত্তার মিয়ার ছেলে সোহাগ আহমদ এবং চরমহল্লা ইউনিয়নের ভুলাখালি গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসতিয়াক আহমদ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে।