কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খাগাইল গ্রামের মৃত মজেফর আলীর ছেলে মামলার ১১ নম্বর আসামি কুটু মিয়া (৫৫) এবং একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে ১২ নম্বর আসামি আব্দুর রহমান (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নম্বর দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে আবুল হোসেন (৩৪) হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মামলার আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
আসামিদের আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১১ ও ১২ নম্বর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আবুল হোসেন হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।