Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ১২:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বানিয়াচংয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ১২:৫৫ অপরাহ্ন

বানিয়াচং প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ গ্রেপ্তার হন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল।


দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জাতীয় নির্বাচনের পর ফরিদ আহমদ জামিনে মুক্তি পান। এরপর তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিল আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও বিরোধ চলছিল।


সোমবার ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমদ উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ফরিদ আহমদ ও মিজানুর রহমান কপিলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।


বাকবিতণ্ডার জেরে ফরিদ আহমদের সমর্থনে নোয়াগাঁও ও কদুপুরসহ কয়েকটি গ্রামের মানুষ এবং কপিলের সমর্থনে হলদারপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তের মধ্যে পুরো ইউনিয়ন পরিষদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।


সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এ ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মধ্যকার পূর্ববিরোধের জেরেই মূলত এ সংঘর্ষের সূত্রপাত। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com