সাংবাদিক আমিনুল হক জিলু গ্রেপ্তার: জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুল হক জিলুকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেনের নেতৃত্বে একটি দল জগন্নাথপুর উপজেলার থানারোডস্থ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়।
সাংবাদিক জিলুর পরিবারের অভিযোগ, কোনো ধরনের তদন্ত ছাড়াই ‘ফিল্মি স্টাইলে’ তাঁর কার্যালয় থেকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আমিনুল হক জিলুকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক আমিনুল হক জিলুর মামা আবদুল হেকিম এ গ্রেপ্তারকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, “আমার ভাগনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপসের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এর জেরে কোনো ধরনের সঠিক তদন্ত ছাড়াই তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এদিকে সাংবাদিক আমিনুল হক জিলুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত।”
তারা আরও বলেন, অবিলম্বে আমিনুল হক জিলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়া না হলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিবৃতিদাতারা হলেন— জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন, মো. আল আমীন, বিপ্লব দেব নাথ, সুমিত রায় এবং দুলন মিয়া।