কানাইঘাটে ব্রীজ নির্মাণ ও খাল রক্ষার দাবিতে মানববন্ধন
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে নুন খাল ও আমরি খালের ওপর ব্রীজ নির্মাণ এবং কুকুবাড়ি সবজি চর রক্ষার দাবিতে মানববন্ধন ও দিনব্যাপী গণআড্ডা কর্মসূচি পালন করেছে কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ)।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের মধ্যবর্তী নুন খালের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কাপের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কাপের চেয়ারম্যান কবি সরওয়ার ফারকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও পিএইচডি গবেষক এহসানুল হক জসীম, ইউপি সদস্য আলতাফ হুসেন, ময়নুল ইসলাম, ছাত্র মজলিস নেতা হুমায়ুন রশীদ, কাপের সহ-সভাপতি আব্দুল কাদির ফারুক, ভাইস চেয়ারম্যান প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহজাহান শাহেদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, লক্ষীপ্রসাদ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি নুরুল আমিন, মাহবুবুল আলম বাবুল ও জসিম উদ্দিনসহ অনেকে।
মানববন্ধন শেষে কাপের সদস্যরা কানাইঘাটের মঙ্গলপুর আলুবাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে দিনব্যাপী গণআড্ডায় অংশ নেন।
গণআড্ডা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইয়াহিয়ার সভাপতিত্বে এবং কাপের নৃতত্ত্ববিষয়ক সম্পাদক পিযুষ রেমার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী, সমাজকর্মী আহমদ সালেহ বিন মালিকসহ শিক্ষক, ইমাম, পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও কানাইঘাটের সুধীসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।