পরিবেশবান্ধব উপায়ে ক্রাশার মিল চালুর উদ্যোগ: মন্ত্রী আরিফুল হক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোম্পানীগঞ্জে সাধারণ জনগণ ও আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রাশার মিলগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৩০ মে) সাদা পাথর পর্যটন ঘাট পরিদর্শন শেষে ভোলাগঞ্জ স্থলবন্দর হলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপজেলার আলোচিত ক্রাশার জোন স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রাখা হবে। তবে আপাতত মহাসড়ক থেকে অন্তত দেড়শ ফুট দূরে এবং পানির ফোয়ারা স্থাপন করে পরিবেশবান্ধব উপায়ে সাবেক স্থানে ক্রাশার মিল চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “দীর্ঘদিন ক্রাশার মিল বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সচল রাখতে পরিবেশবান্ধব পদ্ধতিতে ক্রাশার মিল চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।”
একই সঙ্গে উপজেলার অদূরে প্রস্তাবিত নতুন ক্রাশার জোন স্থাপনের বিষয়টি নেতাকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে সময়সাপেক্ষ প্রক্রিয়াধীন রাখার মত দেন তিনি।
এছাড়া উপজেলার রাস্তা-ঘাট, কালভার্ট, স্কুল, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে নিরলসভাবে কাজ চলমান থাকবে বলেও উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন মন্ত্রী।
এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের স্মৃতিচারণ করেন এবং তাঁর মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।
পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মোছাব্বির, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক সভাপতি শাহাবুদ্দিন, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা বিএনপি নেতা জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা, জেলা যুবদলের সহ-যুগ্ম সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান, জিসাস জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, তাঁতীদল সভাপতি তাজউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার নিজাম উদ্দিন, শ্রমিকদল সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আল আমীন সরোয়ারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।