পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে সফলতা: সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পুরস্কৃত করলেন প্রশাসক
সিলেট প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নগর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম সফলভাবে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরকে পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, যা কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি বলেন, প্রতিদিনই নগরকে পরিচ্ছন্ন রাখার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। সিসিক প্রশাসক জানান, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।