ঈদে পর্যটন প্রস্তুতি তদারকিতে সিলেট সফরে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট, ২৩ মে : আরিফুল হক চৌধুরী আগামী ২৪ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি সফরে সিলেট অবস্থান করবেন। সফরকালে তিনি ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধা নিশ্চিতকরণে গৃহীত ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করবেন এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা সূচি অনুযায়ী, আগামী ২৪ মে রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মন্ত্রী বেইলী রোডস্থ নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। পরে তিনি সিলেটস্থ নিজ বাসভবনে অবস্থান করবেন।
২৫ মে সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম-এ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি নিজ বাসভবনে ফিরে যাবেন।
২৬ মে মঙ্গলবার সকাল ৯টায় তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে বিভিন্ন পর্যটন স্পটে ঈদ উপলক্ষে পর্যটকদের সুবিধাদি নিশ্চিতকরণে নেওয়া প্রস্তুতি পরিদর্শন করবেন। পরে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটন এলাকাও পরিদর্শন করবেন। বিকেলে তিনি সিলেটস্থ নিজ বাসভবনে ফিরে আসবেন।
২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত তিনি নিজ বাসভবনে অবস্থান করে ঈদুল আযহা উদযাপন করবেন।
৩০ মে শনিবার সকাল ৯টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার পর্যটন এলাকায় যাবেন। সেখানে পর্যটকদের জন্য গৃহীত সুবিধাদি পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে তিনি সিলেটে নিজ বাসভবনে ফিরে আসবেন।
৩১ মে রবিবার রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। পরে সড়কপথে নিজ বাসভবনে ফিরবেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এটি একটি সরকারি সফর। সফরকালে মন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলাম সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করবেন।