কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘ইউএনও মেধাবৃত্তি’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এককালীন নগদ বৃত্তি, মেডেল পদক ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউএনও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক মোঃ মেহেদী হাসান শাকিল।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে নগদ বৃত্তি, মেডেল পদক ও সনদ তুলে দেওয়া হয়।
বক্তব্যে ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন, কানাইঘাট উপজেলার সার্বিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের মেধা যাচাই করতে পারে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে আগামী দিনে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে— সেই লক্ষ্যেই ইউএনও মেধাবৃত্তির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি কোনো গতানুগতিক মেধা যাচাই পরীক্ষা ছিল না; চমৎকার প্রশ্নপত্রের মাধ্যমে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা অর্জন করেছে, যা ভবিষ্যতে তাদের লেখাপড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।