সাংবাদিক হারুন রশিদ আর নেই, দাফন সম্পন্ন—ওসমানীনগরে শোকের ছায়া
ওসমানীনগর প্রতিনিধি।
সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক ও তাজপুর ইউনিয়ন বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক হারুন রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (তারিখ উল্লেখিত) ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ৪ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তাজপুর কদমতলা শাহী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরায়া কাজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৫ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন—উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সমাজসেবী আব্দাল মিয়া, সাইদুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুনতাছিম বিল্লাহ জালালী এবং মরহুমের চাচা বশির মিয়া।
সাংবাদিক হারুন রশিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, ওসমানীনগর উপজেলা বিএনপি, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।