সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের ব্যাপক অভিযান: ৪৬ গ্রেফতার, ট্রাফিকে ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৭টি মামলা ও ৫২টি যানবাহন আটকসহ মোট ১১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩০ এপ্রিল ২০২৬ (০০:০০ থেকে ২৩:৫৯) সময়ের মধ্যে মহানগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশভুক্ত মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলায় ও তদন্তে সন্দেহভাজন ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক ব্যবসায়ী ৪ জন এবং মেট্রো অধ্যাদেশে ২২ জনকে গ্রেফতার করা হয়।
শাহপরান (রহ.) থানার অভিযানে ১১৩০ পিস কিটকাট চকলেট ও ৩০০ পিস ভারতীয় পণস ফেসওয়াশ উদ্ধার করা হয়। এছাড়া কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক পুলিশ মহানগরীতে ৬৭টি মামলায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ট্রাক ৩টি, প্রাইভেটকার ৬টি, সিএনজি ১৪টি, মোটরসাইকেল ৩৬টি ও অন্যান্য ৮টি যানবাহন রয়েছে।
এছাড়া ৫২টি যানবাহন আটক করা হয়, যার মধ্যে ট্রাক ১টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৬টি, মোটরসাইকেল ৩২টি এবং অন্যান্য ২টি রয়েছে।
পরবর্তীতে ১ মে ২০২৬ (রাত ০০:০০ থেকে সকাল ৮:০০ পর্যন্ত) আরও পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ২ জন আসামি, ৯ জন মাদকসেবী এবং ৫ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।