Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মহান মে দিবসে জৈন্তাপুরে শ্রমিকদের সরব উপস্থিতি, পৃথক র‍্যালী ও দাবি আদায়ের আহ্বান

০১ মে ২০২৬ • ০৫:০৭ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট), ১ মে মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথকভাবে দুটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া এবং স্থানীয় বিভিন্ন শ্রমিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


প্রথম কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ মে) সকাল ১০টায় জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে র‍্যালীটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়, চুনাহাটী মসজিদ এলাকা হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরে আসে। এরপর উপজেলা গেইট প্রদক্ষিণ করে আবারও বাসস্ট্যান্ডে এসে র‍্যালীটি শেষ হয়।


পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন এবং জৈন্তাপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।


বক্তারা এ সময় পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাথর কোয়ারী ও বালু মহাল দ্রুত পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিটি সকাল ১১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।


অন্যদিকে, একই দিনে সকাল সাড়ে ১১টাশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আরও একটি পৃথক র‍্যালী অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে র‍্যালীটি থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি হেলাল আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারি শাহিদুর রহমানসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী।


দ্বিতীয় কর্মসূচিটিও শান্তিপূর্ণভাবে শেষ হয় দুপুর ১২টায়। মে দিবস উপলক্ষে আয়োজিত এই পৃথক কর্মসূচিগুলোতে শ্রমিকদের অধিকার ও স্থানীয় শ্রমিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন channeljaintanews24.com