জগন্নাথপুরে কৃষকদের পাশে প্রশাসন: ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে ইউএনও’র অনুমতি
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান শুকাতে চরম দুর্ভোগে পড়া কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। কৃষকদের ধান শুকানোর সুবিধার্থে সরকারি বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে অনেক কৃষক কাটা ধান শুকাতে পারছিলেন না। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। কৃষকদের এমন দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ২৯ এপ্রিল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, সরকারি অফিসের খোলা জায়গা এবং অন্যান্য উন্মুক্ত স্থান ধান শুকানোর জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে কৃষকরা এসব স্থান ব্যবহার করতে পারবেন। ব্যবহারের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কৃষক মোঃ আলমগীর মিয়া বলেন, “বৃষ্টির কারণে ধান শুকাতে পারছিলাম না, এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।”
গন্ধর্বপুর গ্রামের কৃষক মিজানুর রহমানও প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রশাসন সবসময় কৃষকদের পাশে রয়েছে।”